প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নয়নের সুযোগ রয়েছে।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
দীনেশ ত্রিবেদী বলেন, ‘দুই দেশের মধ্যে অনেক গণতান্ত্রিক ইস্যু আছে এবং ভবিষ্যতেও থাকবে। আর এটাই গণতন্ত্রের সৌন্দর্য। এসব ইস্যু আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।’
তিনি বলেন, ‘এমন কোনো ইস্যু নেই, যেটা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব নয়।’
বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরও এগিয়ে নেয়ার ওপর গুরুত্ব দিয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘দুই দেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে আরও এগিয়ে নিতে উভয়দেশকে একসঙ্গে কাজ করতে হবে।’
তিনি বলেন, ‘পারস্পরিক আলোচনা ও সহযোগিতার মাধ্যমে দুই দেশের বিদ্যমান বিষয়গুলো সমাধান করে সম্পর্ককে আরও এগিয়ে নেয়ার সুযোগ রয়েছে।’
এদিকে, আসন্ন ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না—এ বিষয়ে কোনো মন্তব্য করেননি ভারতীয় হাইকমিশনার।
রেডিওটুডে নিউজ/আনাম

