চুয়াডাঙ্গা ও টাঙ্গাইলের মির্জাপুরে জাল ভোট দেওয়ার চেষ্টা এবং কেন্দ্রে নগদ টাকাসহ জামায়াতে ইসলামীর তিন নেতাকে আটক ও জরিমানা করা হয়েছে। সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এসব তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রিজিয়া খাতুন প্রভাতী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ৭৯ হাজার টাকাসহ শরীফ জিসান নামের একজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। শরীফ জামায়াতের ওয়ার্ড শাখার আমির বলে জানা গেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
অপরদিকে, সকাল নয়টার দিকে দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নের নাপিতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে আটক করা হয় শাহাবুদ্দিন নামের একজনকে। তিনি দামুড়হুদা সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির ও নাপিতখালী গ্রামের বাসিন্দা।
নাপিতখালী বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা তারিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত ব্যক্তি জাল ভোট দেওয়ার চেষ্টা করলে হাতেনাতে ধরা হয়। পরে নির্বাহী ম্যাজিস্টেটের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।
তারিকুল ইসলাম আরও জানান, শাহাবুদ্দিন মেহেরপুর জেলার একটি মাদ্রাসার সুপার। তিনি পোস্টালে ভোট দিয়েছেন। এরপরও কেন্দ্রে গিয়েছিলেন ভোট দিতে। তথ্য যাচাইয়ের সময় তাঁর পোস্টালে ভোট দেওয়ার বিষয়টি ধরা পড়ে। তাঁকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দামুড়হুদা থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন বলেন, জাল ভোট দেওয়ার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আর টাকাসহ জামায়াত নেতাকে আটকের বিষয়ে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিএম তারিক উজ জামান বলেন, আটককৃতকে থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে টাকা বিতরণের অভিযোগে টাঙ্গাইলের মির্জাপুরে আটক করা হয় জয়নাল আবেদিন নামের একজনকে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ জরিমানা করে ছেড়ে দেন।
জয়নাল আবেদিন মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের কলিমাজানি গ্রামের আক্কাছ আলীর ছেলে। তিনি গোড়াই ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের দপ্তর সম্পাদক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রানাশাল গ্রামের একটি পাড়ায় টাকা বিতরণের সময় জয়নালকে আটক করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ভ্রাম্যমাণ আদালতের বিচারক তারেক আজিজ। পরে জয়নালকে ৩ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। তারেক আজিজ নিজেও এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে মির্জাপুর উপজেলা জামায়াতের সহসম্পাদক জাহাঙ্গীর আলম শাজাহান বলেন, ‘তিন হাজার টাকা পকেটে নিয়ে বাইরে যাওয়া যাবে না, এটা কোন দেশে আছি।’
রেডিওটুডে নিউজ/আনাম

