আশুগঞ্জে আট কেন্দ্র ঝুঁকিপূর্ণ, শঙ্কায় রুমিন ফারহানা

বৃহস্পতিবার,

১২ ফেব্রুয়ারি ২০২৬,

৩০ মাঘ ১৪৩২

বৃহস্পতিবার,

১২ ফেব্রুয়ারি ২০২৬,

৩০ মাঘ ১৪৩২

Radio Today News

আশুগঞ্জে আট কেন্দ্র ঝুঁকিপূর্ণ, শঙ্কায় রুমিন ফারহানা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:২২, ১২ ফেব্রুয়ারি ২০২৬

Google News
আশুগঞ্জে আট কেন্দ্র ঝুঁকিপূর্ণ, শঙ্কায় রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা দাবি করেছেন, আশুগঞ্জ উপজেলায় আটটি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। এসব কেন্দ্রে অনিয়মের আশঙ্কা আছে। বিষয়টি আগেই প্রশাসনকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সরাইল উপজেলার শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন রুমিন ফারহানা।

তিনি বলেন, আশুগঞ্জের সোহাগপুর এলাকায় তার দুই কর্মী কেন্দ্রের আশপাশে অবস্থান করছিলেন। তাদের অনুপ্রবেশকারী মনে করে প্রশাসন কারাদণ্ড দিয়েছে। বিষয়টি ভুল বোঝাবুঝির ফল বলে দাবি করেন তিনি। প্রশাসনকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা হয়েছে বলেও মন্তব্য করেন এই প্রার্থী।

এদিকে অভিযোগের মধ্যেও জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন রুমিন ফারহানা। তিনি বলেন, ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে আসছেন। আমি ফলাফল নিয়ে আশাবাদী।

শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মো. মহসিন জানান, স্বতঃস্ফূর্তভাবে ভোটগ্রহণ চলছে। সকাল পৌনে ১০টা পর্যন্ত ৪৬২টি ভোট পড়েছে। এই কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ৩৪৫ জন। আশা করি বেলা বাড়ার সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন রুমিন ফারহানা। কিন্তু জোটের স্বার্থে আসনটি ছেড়ে দিতে হয়। এখন এ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি জুনায়েদ আল হাবিব। রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দল তাকে বহিষ্কার করে। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এক কর্মীকে জরিমানার ঘটনায় তার সঙ্গে ম্যাজিস্ট্রেটের বাগবিতণ্ডা হয়, যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ৪৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার ২৬ লাখ ৮ হাজার ৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৬৬ হাজার ৩৪০ এবং নারী ভোটার ১২ লাখ ৪১ হাজার ৭৩১ জন। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের