বিশ্বকাপে আর্জেন্টিনা-ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচকে ঘিরে জমে উঠেছে কথার লড়াই। তবে সব ছাপিয়ে ম্যাচটিকে ফুটবলের অন্যতম সেরা ঐতিহাসিক ও প্রতিদ্বন্দ্বিতা হিসেবে বর্ণনা করেছেন ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার রবি ফাওলার।
ফাওলার বলেন, ‘ম্যাচটি ফুটবলের অন্যতম একটি ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী লড়াই হতে চলেছে। এটি কেবল ফুটবল এবং বিশ্বকাপের ইতিহাসের ওপর ভিত্তি করে গড়ে ওঠেনি, বরং দুই দেশের মধ্যকার ব্যাপক ইতিহাসের ওপরও দাঁড়িয়ে আছে। এখানে অনেক অবিস্মরণীয় মুহূর্ত রয়েছে। যেমন ম্যারাডোনার সেই গোল, ডেভিড বেকহ্যামের লাল কার্ড পাওয়া, বেকহ্যামের পেনাল্টি এবং ফকল্যান্ডস যুদ্ধের প্রেক্ষাপট। এই সবকিছুই একটি সাধারণ ফুটবল ম্যাচকে আরো বড় ও গুরুত্বপূর্ণ করে তুলেছে।’
মাঝমাঠের লড়াইটি ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে উল্লেখ করে তিনি বলেন, ‘ইংল্যান্ডকে সুসংগঠিত থাকতে হবে। রক্ষণভাগে খুব বেশি নিচে নেমে যাওয়া এড়িয়ে চলতে হবে। কারণ এটি কেবল নিজেদের ওপর চাপই ডেকে আনবে। আর্জেন্টিনা মাঝমাঠের মাধ্যমে বলের দখল বজায় রাখতে চাইবে। তাই ইংল্যান্ডকে রক্ষণাত্মকভাবে অত্যন্ত সুশৃঙ্খল হতে হবে।’
ব্যক্তিগত নৈপুণ্য ম্যাচের সিদ্ধান্ত বদলে দিতে পারলে জানিয়ে ফাওলার বলেন, ‘সেরা দলগুলো তাদের পরিকল্পনা অনুযায়ী খেলে। পিছিয়ে পড়লেও তারা আতঙ্কিত হয় না। তারা নিজেদের কৌশলের ওপর ভরসা রাখে এবং চাপের মধ্যেও সঠিক সিদ্ধান্ত নিতে থাকে।
টুর্নামেন্টের এই পর্যায়ে দলগুলোর মধ্যে টেকনিক্যাল পার্থক্য খুবই সামান্য থাকে। এই ধরনের ম্যাচগুলোতে মানসিকতাই জয়ের প্রধান কারণ হয়ে দাঁড়াতে পারে।’
এই ম্যাচে টেকনিক্যাল দক্ষতার পাশাপাশি মানসিক দৃঢ়তা এবং মাঝমাঠের নিয়ন্ত্রণই নির্ধারণ করবে কোন দল জয়ী হবে বলে যোগ করেন এই সাবেক ইংলিশ ডিফেন্ডার।
আর্জেন্টিনা যেখানে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে খেলছে। ইংল্যান্ড ৬০ বছরের মধ্যে প্রথমবার বিশ্বকাপের ফাইনালে ওঠার অপেক্ষায় রয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

