২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের বহুল প্রতীক্ষিত ম্যাচ পরিচালনা করবেন মরক্কো বংশোদ্ভূত মার্কিন রেফারি ইসমাইল এলফাত। বুধবার রাতে আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচের জন্য রেফারি প্যানেল ঘোষণা করেছে ফিফা। ৪৪ বছর বয়সী এলফাতকে ম্যাচের প্রধান রেফারির দায়িত্ব দেওয়া হয়েছে।
চলতি বিশ্বকাপে ইতোমধ্যে তিনটি ম্যাচ পরিচালনা করেছেন এলফাত। জাপান-নেদারল্যান্ডস, উরুগুয়ে-স্পেন এবং ব্রাজিল-নরওয়ে ম্যাচে দায়িত্ব পালন করেন তিনি। ওই তিন ম্যাচে তিনি ৮টি হলুদ কার্ড ও একটি লাল কার্ড দেখিয়েছেন। কয়েকটি সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনাও হয়েছে।
আর্জেন্টিনার জন্য এলফাত অপরিচিত নন। কাতার বিশ্বকাপের ফাইনালে তিনি চতুর্থ রেফারির দায়িত্ব পালন করেছিলেন।
মরক্কোর ক্যাসাব্লাঙ্কায় জন্ম নেওয়া ইসমাইল এলফাত ১৮ বছর বয়সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে যুক্তরাষ্ট্রে যান। ২০০১ সালে ডিভি লটারির মাধ্যমে মার্কিন নাগরিকত্ব লাভ করেন। ২০১৬ সাল থেকে তিনি ফিফার আন্তর্জাতিক রেফারি প্যানেলের সদস্য এবং নিয়মিত মেজর লিগ সকার (এমএলএস)-এ ম্যাচ পরিচালনা করে আসছেন।
যুক্তরাষ্ট্রে লিওনেল মেসির একাধিক ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে এলফাতের। ২০২৩ সালে ইন্টার মায়ামির ঐতিহাসিক লিগস কাপ জয়ের ফাইনালেও প্রধান রেফারি ছিলেন তিনি।
তবে আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে তার একটি তিক্ত স্মৃতিও রয়েছে। ২০২০ টোকিও অলিম্পিকে আর্জেন্টিনার গ্রুপ পর্বের একটি ম্যাচ পরিচালনা করেছিলেন এলফাত। সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় অলিম্পিক থেকে বিদায় নিতে হয়েছিল আলবিসেলেস্তেদের। ওই অলিম্পিক দলে থাকা ফাকুন্দো মেদিনা ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার বর্তমানে আর্জেন্টিনা জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য।
আটলান্টার এই গুরুত্বপূর্ণ ম্যাচে ইসমাইল এলফাতের সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন দুই মার্কিন লাইনসম্যান কোরি পার্কার ও কাইল অ্যাটকিন্স। আর চতুর্থ রেফারির ভূমিকায় থাকবেন ইতালির মাউরিজিও মারিয়ানি।
রেডিওটুডে নিউজ/আনাম

