বরিশালের উজিরপুরে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। হামলায় এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২২ মে) দুপুরে উজিরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তাররা হলেন শামীম মোল্লা, মুনসুর মোল্লা, আলাউদ্দিন ও আরিফ মোল্লা। তাদের সবার বাড়ি উজিরপুর উপজেলার হানুয়া এলাকায়।
পুলিশ জানায়, জেলা ডিবি পুলিশের সাত সদস্যের একটি দল খেয়াঘাট এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করছিল। এ সময় অভিযানে বাধা দেওয়াকে কেন্দ্র করে ডিবি সদস্যদের সঙ্গে কয়েকজনের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।
একপর্যায়ে অভিযুক্ত আরিফ মোল্লা তার কাছে থাকা সন্দেহভাজন মাদকের একটি পোটলা পাশের পুকুরে ছুড়ে ফেলেন। পরে ডিবি পুলিশের কনস্টেবল মৃণাল পুকুর থেকে সেটি উদ্ধারের চেষ্টা করলে তার ওপর হামলা চালানো হয়। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন তিনি।
খবর পেয়ে উজিরপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযান চালিয়ে ডিবি পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, হামলার ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি ওই এলাকায় মাদক উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

