ময়মনসিংহ সদর উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ জন। বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ময়মনসিংহ-ফুলপুর আঞ্চলিক সড়কের আলালপুর এলাকার খালেক ফিলিং স্টেশনের সামনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হালুয়াঘাট উপজেলার কারাকান্দা গ্রামের সোসেন আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৪৫) এবং ফুলপুর উপজেলার সিংহেরশ্বর গ্রামের তোফাজ্জল হোসেন (৬০)। নিহত অপর ব্যক্তির (৫০) পরিচয় এখনো পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল পৌনে ৬টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া হালুয়াঘাটগামী ‘ইমাম পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস আলালপুর খালেক ফিলিং স্টেশনের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘শ্যামলী বাংলা পরিবহন’-এর অপর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাক নামে এক যাত্রী মারা যান। এসময় আহত হন অন্তত ১০ জন।
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং আহতদের দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তোফাজ্জল হোসেন ও অজ্ঞাত পরিচয়ের আরও এক ব্যক্তিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) সুজাউদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকেরা দুজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

