জাতীয় পরিচয় পত্রের নমুনা
প্রথম দফায় চিঠি চালাচালির পর আবারও জাতীয় পরিচয় পত্র অনুবিভাগের কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কাছে হস্তান্তরের পক্ষে মত দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। নির্বাচন কমিশনে (ইসি) ইতিমধ্যে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। ফলে মন্ত্রণালয়ের রুলস অব বিজনেসের প্রয়োজনীয় সংশোধনীও করতে চায় মন্ত্রিপরিষদ।
গত রোববার (২০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী এনআইডি কার্যক্রম সুরক্ষা বিভাগে হস্তান্তরের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য নির্বাচন কমিশনের সচিব মোঃ হুমায়ুন কবির খন্দকারকে চিঠি দেয়া হয়।
মন্ত্রিপরিষদের নির্দেশনার প্রেক্ষিতে গত ৭ জুন নির্বাচন কমিশন তার অধীনেই কার্যক্রম রাখার পক্ষে যুক্তি তুলে ধরে বিভাগকে চিঠি দেয়। কিন্তু মন্ত্রিপরিষদ বিভাগ তাদের দাবি আমলে না নিয়ে প্রয়োজনে রুলস অব বিজনেস করার পক্ষে মত দিয়ে ফিরতি চিঠি পাঠিয়েছে।
গত রোববার মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব শফিউল আজিম (সেবা ও বিধি অধিশাখা) স্বাক্ষরিত চিঠিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা প্রসঙ্গে বলা হয়- সরকার জাতীয় পরিচয় নিবন্ধন কার্যক্রম আইনানুগভাবে নির্বাচন কমিশন থেকে সুরক্ষা সেবা বিভাগ হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রিপরিষদের চিঠিতে নির্দেশনাগুলো যথাযথভাবে প্রতিপালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করার কথা বলা হয়েছে।
চিঠির অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিবকেও পাঠানো হয়েছে। এর আগে গত ১৭ মে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এনআইডি কার্যক্রম ও লোকবল সুরক্ষা সেবা বিভাগের অধীন হস্তান্তরের জন্য প্রস্তাব করা হয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগকে। সেই পত্রের আলোকে মন্ত্রিপরিষদ বিভাগ গত ২৪ মে নির্বাচন কমিশনকে এনআইডি ছেড়ে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়।

