মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক দিয়ে নতুন সরকারের প্রথম দিনটি শুরু করলেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার সকাল এগারোটায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিপরিষদের সদস্যরা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক দিয়েছেন।
পরে সেখানে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেছেন দেশের ১১তম প্রধানমন্ত্রী। স্মৃতিসৌধ প্রাঙ্গনে বৃক্ষরোপন করেছেন তিনি।
পরে বেলা সোয়া বারোটায় রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।
সকাল ১০টায় গুলশানের বাসভবন থেকে তারেক রহমান সাভার যান।
প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যদের আগমন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পরে দুপুর একটার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছাবেন।
বিকেল তিনটায় নতুন প্রধানমন্ত্রীর মন্ত্রিপরিষদের প্রথম বৈঠকে অংশ নেবেন।
পরে বিকেলে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রেডিওটুডে নিউজ/আনাম

