ভেদাভেদ ভুলে জনগণের কল্যাণে কাজ করতে চান পানিসম্পদ মন্ত্রী এ্যানি

বুধবার,

১৮ ফেব্রুয়ারি ২০২৬,

৬ ফাল্গুন ১৪৩২

বুধবার,

১৮ ফেব্রুয়ারি ২০২৬,

৬ ফাল্গুন ১৪৩২

Radio Today News

ভেদাভেদ ভুলে জনগণের কল্যাণে কাজ করতে চান পানিসম্পদ মন্ত্রী এ্যানি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:১৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

Google News
ভেদাভেদ ভুলে জনগণের কল্যাণে কাজ করতে চান পানিসম্পদ মন্ত্রী এ্যানি

নবনিযুক্ত পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সব ভেদাভেদ ভুলে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে চান তিনি।

দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবস বুধবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চান মন্ত্রী।

পানিসম্পদ মন্ত্রী বলেন, এই দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ প্রতীক্ষা ও বহু প্রতিকূলতা পেরিয়ে আমরা আজ এই জায়গায় এসেছি। এখন আমাদের একমাত্র লক্ষ্য—দেশের স্বার্থকে সবার আগে রাখা। দল-মত নির্বিশেষে সবার ঊর্ধ্বে উঠে কাজ করতে চাই। আমি যেন দেশের সেবা করতে পারি, সে জন্য সবার দোয়া চাই।

মন্ত্রী অতীতের রাজনৈতিক প্রতিকূল সময়ের কথাও স্মরণ করেন। তিনি বলেন, কঠিন সময়ে যারা ত্যাগ স্বীকার করেছেন, আন্দোলন-সংগ্রামে পাশে থেকেছেন, তাঁদের অবদান কখনও ভোলার নয়। তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বর্তমান দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সব মহলের সহযোগিতা প্রয়োজন।

পানিসম্পদ খাতের চ্যালেঞ্জের কথা তুলে ধরে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, নদীভাঙন, খরা, জলাবদ্ধতা, বন্যা নিয়ন্ত্রণ ও সেচব্যবস্থার উন্নয়ন—এসব বিষয়ে সমন্বিত উদ্যোগ নিতে হবে। দেশের নদ-নদী রক্ষা, পানি সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

মন্ত্রী বলেন, সরকারের ঘোষিত অগ্রাধিকার বাস্তবায়নে তাঁর মন্ত্রণালয় সক্রিয়ভাবে কাজ করবে। তারেক রহমান–এর নেতৃত্বে আমরা আমাদের ওপর অর্পিত দায়িত্ব সুচারুভাবে পালন করব। পানিসম্পদ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার চেষ্টা থাকবে।

তিনি আরও বলেন, উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। প্রকল্পে অনিয়ম বা অপচয়ের সুযোগ থাকবে না বলেও আশ্বাস দেন মন্ত্রী।

দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক মতবিনিময় করেছেন জানিয়ে তিনি বলেন, মাঠপর্যায়ের বাস্তবতা জেনে অগ্রাধিকার নির্ধারণ করা হবে। কাগজে-কলমে নয়, বাস্তবে মানুষের উপকারে আসে—এমন কাজ করতে চাই।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের