প্রথমবার নির্বাচিত দলীয় সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রম, বিল-বাজেট, স্থায়ী কমিটির কাজসহ বিভিন্ন বিষয়ে ধারণা দিতে দুই দিনের কর্মশালার আয়োজন করেছে বিএনপি। বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে আজ (শুক্রবার, ৬ মার্চ) ও আগামীকাল (শনিবার, ৭ মার্চ) এ কর্মশালা হবে। কর্মশালার উদ্বোধন করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রথম দিন দুটি সেশনে কর্মশালা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এতে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা অংশ নেবেন। মধ্যাহ্ন ভোজের বিরতির পর দ্বিতীয় সেশন শুরু হবে বিকেল আড়াইটায়, যা চলবে সাড়ে ৪টা পর্যন্ত। এতে অংশ নেবেন রংপুর, রাজশাহী, ঢাকা ও ফরিদপুর বিভাগের কিছু সংসদ সদস্যরা।
অভিজ্ঞ সাবেক আমলা, অ্যাকাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে এমপিদের দায়িত্ব, মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তুলতে কৌশলগত ভূমিকা কেমন হবে, তা তুলে ধরা হবে এ কর্মশালায়।
আগামীকাল ৭ মার্চ একই নিয়মে সকালের সেশনে ঢাকা জেলা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের এবং ফরিদপুর জেলার বাকি সংসদ সদস্যরা অংশ নেবেন। বিকেলের সেশনে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন।
রেডিওটুডে নিউজ/আনাম

