এনসিপি আহ্বায়ক ও ঢাকা ১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে আছি। আমরা চাই দেশের মানুষ উৎসবের সাথে ভোট কেন্দ্রে ভোট দিতে আসুক।
বৃহস্পতিবার বাড্ডা এ.কে.এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজে ভোট প্রদান শেষ সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নাহিদ বলেন, এখনই সময় দেশের মালিকানা বুঝে নেওয়ার। এতদিন এই সুযোগ ছিলো না। অভ্যুত্থানের পর সুযোগ হয়েছে। তাই জনগণ যেন হ্যাঁ ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেন।
তিনি বলেন, আপনারা দেখেছেন গতকাল থেকে আমাদের বিভিন্ন প্রার্থী ও কর্মীদের উপর হামলা করা হয়েছে। জনগনের মধ্যে ভীত তৈরি করা হয়েছে। অনেকগুলো জায়গায় হামলা হয়েছে। আমাদের নির্বাচনী ক্যাম্প বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা এই প্রতিকূলতাকে ফোকাস করছি না। আমরা চাই জনগণ ভোটে আসুক। ব্যালটের মাধ্যমে এসবের জবাব দিক।
নাহিদ বলেন, প্রশাসন নিরপেক্ষ আচরণ করবে সেটা প্রত্যাশা করি। তাদের নিরেক্ষতার মধ্যামে ভোট সুষ্ঠু হোক সেটাই চাই।
এই আসনে তিনি ছাড়ারও আরো ৯জন প্রার্থী রয়েছেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নম্বর: ২১, ২২, ২৩, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ এবং ৪২ নিয়ে ঢাকা ১১ আসন গঠিত। এখানে মোট ভোটার ৪,৩৯,০৭৮ যার মধ্যে পুরুষ ভোটার ২,২২,৮৭৭, নারী ভোটার, ২,১৬,১৯৮ এবং তৃতীয় লিঙ্গ ভোটার তিন জন।
রেডিওটুডে নিউজ/আনাম

