কুষ্টিয়ার মিরপুরে ভোটের ব্যালট পেপার নির্ধারিত বাক্সে জমা না দিয়ে কেন্দ্র থেকে পালিয়ে যাওয়ার চেষ্টার দায়ে এক যুবককে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আটককৃত ওই যুবকের নাম শাহিন মালিথা (২৮)।
একইসঙ্গে তাকে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের দণ্ডাদেশ দেয়া হয়। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার তালবাড়ীয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত শাহিন মালিথা তালবাড়ীয়া ইউনিয়নের নওদা গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল মালিথার ছেলে। মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোট কেন্দ্রে গিয়ে ব্যালট পেপার নেয়ার পর সেটি নির্ধারিত বাক্সে না ফেলে সাদা কাগজ জমা দিয়ে কেন্দ্র ত্যাগের চেষ্টা করেন অভিযুক্ত শাহিন। বিষয়টি বুঝতে পেরে পুলিশ তাকে আটক করে।
পরে জিজ্ঞাসাবাদে দোষ স্বীকার করলে দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।
রেডিওটুডে নিউজ/আনাম

