গত রাতে অস্ট্রিয়ার বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচে গোল করার পর কর্নার ফ্ল্যাগ তুলে বন্দুকের মতো ভঙ্গি করে উদযাপন করেছিলেন ইসরায়েলের ফরোয়ার্ড সাইদ আবু ফারখি। সেই উদযাপনের জন্যই তাকে দেখানো হয় দ্বিতীয় হলুদ কার্ড, এরপর লাল কার্ড।
লিনৎসের রাইফাইসেন অ্যারেনায় ম্যাচটি শুরু থেকেই উত্তেজনাপূর্ণ ছিল। ৪৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে অস্ট্রিয়াকে এগিয়ে দেন রোমানো শ্মিড। বিরতির পর ম্যাচের ৫৫ মিনিটে দারুণ হেডে ইসরায়েলকে সমতায় ফেরান ২০ বছর বয়সী আবু ফারখি। এরপরই ঘটে আলোচিত ঘটনা।
গোলের পর দৌড়ে কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে সেটি তুলে নেন আবু ফারখি। এরপর ফ্ল্যাগের দণ্ডটি বন্দুকের মতো করে ধরে গুলি ছোড়ার ভঙ্গিতে উদযাপন করেন।
এর মাত্র চার মিনিট আগে হলুদ কার্ড দেখেছিলেন এই ফরোয়ার্ড। এরপর এমন বিতর্কিত উদযাপনের কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে তাকে মাঠ থেকে বের করে দেন বুলগেরিয়ান রেফারি জর্জি কাবাকভ।
১০ জনের ইসরায়েল শেষ পর্যন্ত পেরে ওঠেনি। ৯০ মিনিটে ফিলিপ মভেনে এবং যোগ করা সময়ে সাসা কালাইদজিচ গোল করলে ৩-১ ব্যবধানে জয় পায় অস্ট্রিয়া।
রেডিওটুডে নিউজ/আনাম

