প্রত্যাশিত সাড়া না পাওয়া ‘রকস্টার’ এবার ওটিটিতে

বৃহস্পতিবার,

১৬ জুলাই ২০২৬,

১ শ্রাবণ ১৪৩৩

বৃহস্পতিবার,

১৬ জুলাই ২০২৬,

১ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

প্রত্যাশিত সাড়া না পাওয়া ‘রকস্টার’ এবার ওটিটিতে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:১৭, ১৬ জুলাই ২০২৬

Google News
প্রত্যাশিত সাড়া না পাওয়া ‘রকস্টার’ এবার ওটিটিতে

ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে। আগামী ২৩ জুলাই দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে আজমান রুশো পরিচালিত এই সিনেমা।

বুধবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে চরকি। নিজেদের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে তারা লিখেছে, ‘অহংকার থেকে অনুতাপ, পতন থেকে পুনর্জন্ম। ২৩ জুলাই বাকি সব প্ল্যান বাদ। কারণ সিনেমা হল কাঁপিয়ে এবার “রকস্টার” আসছে চরকিতে।’

ঈদে মুক্তির পর ‘রকস্টার’ ঘিরে দর্শকের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হলেও বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি ছবিটি। তবে ওটিটিতে মুক্তির মাধ্যমে নতুন করে দর্শকের কাছে পৌঁছানোর সুযোগ পাচ্ছে সিনেমাটি।

‘রকস্টার’ নির্মাতা আজমান রুশোর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। দীর্ঘদিন বিজ্ঞাপনচিত্র নির্মাণের পর এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার।

সিনেমার গল্প আবর্তিত হয়েছে আগুন নামের এক সংগীতশিল্পীকে ঘিরে। শাস্ত্রীয় সংগীতশিল্পীর সন্তান হয়েও বাবার পথ অনুসরণ না করে রক সংগীতের জগতে নিজের পরিচয় গড়ে তোলে সে। দেশ-বিদেশে খ্যাতি অর্জন করলেও ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন এবং ভালোবাসার জটিলতায় তার জীবন মোড় নেয় এক করুণ পরিণতির দিকে।

সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তানজিয়া জামান মিথিলা, সুনিধি নায়েক, পান্থ কানাই, রোজী সিদ্দিকী, তারিক আনাম খান, দিলারা জামান ও কাজী সাবির।

ছবিটির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। শাকিব খানের কণ্ঠে ব্যবহৃত সব গানের কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন আহমেদ হাসান সানি। এছাড়া সিনেমায় পান্থ কানাই ও অংকন কুমারের গাওয়া দুটি গানও রয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের