গতকাল (শুক্রবার) বিকেলে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো ভবিষ্যৎ পরিকল্পনা এবং ভবিষ্যৎ শিল্পের উন্নয়ন নিয়ে ২৪তম সম্মিলিত অধ্যয়ন অধিবেশনের আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। তিনি বলেন, বর্তমানে বৈজ্ঞানিক বিপ্লব ও শিল্প সংস্কারের নতুন জোয়ার দ্রুতগতিতে এগিয়ে চলছে। উন্নত প্রযুক্তির আবির্ভাব ঘটছে, যা ভবিষ্যৎ শিল্পের উন্নয়নকে জোরদার করছে। তাই শক্তিশালী দেশ গঠন ও জাতীয় পুনর্জাগরণের কৌশলগত দিক থেকে নিজেদের তুলনামূলক সুবিধাগুলো কাজে লাগাতে হবে। স্থিতিশীলতা বজায় রেখে অগ্রগতির নীতি মেনে চলা, পর্যায়ক্রমে শিল্প গড়ে তোলা এবং চীনের ভবিষ্যৎ শিল্পের উন্নয়নে ক্রমাগত নতুন অগ্রগতি নিশ্চিত করা উচিত।
সি চিন পিং বলেন, ভবিষ্যৎ শিল্পের উন্নয়নের জন্য বিজ্ঞানসম্মত বিন্যাস প্রয়োজন। দেশের ‘পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা’ চলাকালীন ভবিষ্যৎ শিল্প উন্নয়নের প্রধান দিকগুলোর ওপর মনোযোগ দিতে হবে। প্রযুক্তিগত পথরেখা বিজ্ঞানসম্মতভাবে নির্ধারণ করতে হবে এবং অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে কৌশলগত ভবিষ্যদ্বাণী করার সক্ষমতা বাড়াতে হবে।
সি চিন পিং আরও বলেন, শিল্প প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। বিভিন্ন উদ্ভাবনী সম্পদের একত্রীকরণকে উৎসাহিত করতে হবে। উন্নত মূল প্রযুক্তি এবং শক্তিশালী উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ও উচ্চ-প্রযুক্তি উদ্যোগগুলোকে জোরালোভাবে গড়ে তুলতে হবে। শিল্পকে অগ্রগামী এবং উচ্চমানের ক্ষেত্রের দিকে এগিয়ে নিতে নেতৃত্ব দিতে হবে।
রেডিওটুডে নিউজ/আনাম

