ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। সংসদ কক্ষে স্পিকারের আসন ফাঁকা রেখে আজ (বৃহস্পতিবার, ১২ মার্চ) বেলা ১১টা ৫মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশন শুরু হয়।
সাধারণত বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হয় তার সভাপতিত্বে। তবে এবার এর ব্যতিক্রম হচ্ছে।
দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করার পর তাকে প্রকাশ্যে দেখা যায়নি। হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে বিদায়ী ডেপুটি স্পিকার শামসুল হক (টুকু) কারাগারে।
এমন পরিস্থিতিতে আজ সংসদ কক্ষে স্পিকারের আসনটি ফাঁকা রেখেই শুরু হয় অধিবেশন।
উল্লেখ্য, নতুন সংসদের কার্যক্রম শুরুর মধ্য দিয়ে আইন প্রণয়ন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা এবং সরকারের বিভিন্ন নীতি ও পরিকল্পনা উপস্থাপনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
রেডিওটুডে নিউজ/আনাম

