সোমবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর-২ এলাকার ন্যাশনাল বাংলা স্কুল প্রাঙ্গণে এনসিপির ঢাকা মহানগর উত্তর কমিটির আয়োজনে ইফতার ও আলোচনা সভায় বক্তব্য দেন নাহিদ ইসলাম। ছবি-সমকাল
ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী মূল সংস্কারগুলো মানা হচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইফ নাহিদ ইসলাম। তিনি বলেন, বিএনপি মূল সংস্কারগুলোই মানছে না। তারা তাদের মন মতো তাদের ইশতেহার অনুযায়ী সংস্কার করতে চান। যদি তাদের ইশতেহার অনুযায়ী সংস্কার করা হয়, তাহলে ঐকমত্য কমিশন, এত আলাপ আলোচনা সবকিছুই ব্যর্থ। এটা তো আসলে প্রয়োজন ছিল না। এগুলো জাতির সামনে আগেই পরিষ্কার করা উচিত ছিল।
সোমবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর-২ এলাকার ন্যাশনাল বাংলা স্কুল প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর কমিটির আয়োজনে ইফতার ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আমরা পরবর্তী অধিবেশনে তাদের কাছ থেকে আরও স্পষ্টভাবে জানতে চাইবো যে, গণভোট বা গণরায় নিয়ে তাদের অবস্থান কী। তাদের চূড়ান্ত অবস্থান জানার পর আমরা আমাদের চূড়ান্ত অবস্থান ব্যক্ত করব।
তিনি বলেন, বিএনপি তো গণভোটের পুরো বিষয়টাকেই এখন মানছে না। গণভোটের আদেশ নিয়ে কিন্তু সরকার দলের পক্ষ থেকে সেদিন প্রশ্ন তোলা হয়েছে। তার মানে গণভোট যেই চারটা প্রশ্নের উপরে হয়েছে, সেখানে মূল সংস্কারগুলো আছে। উচ্চকক্ষের কথা আছে, বিচার বিভাগ স্বাধীনের কথা আছে, ডেপুটি স্পিকারের কথা আছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিরপেক্ষ নিয়োগের কথা আছে– এগুলো তো গুরুত্বপূর্ণ সংস্কার ছিলো এবং এগুলো মীমাংসিত ছিলো। একটা ঐকমত্যও ছিল। সেই সময় অনেক দ্বিমত ছিল অনেকের। আমাদেরও তো এই আদেশ নিয়ে অনেকগুলো দ্বিমত ছিল। কিন্তু আমরা তো সকল দ্বিমতকে মেনে নিয়ে এই গণভোটে অংশগ্রহণ করেছি।
নব্বইয়ের গণঅভ্যুত্থানের উদাহরণ দিয়ে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, আমরা নব্বইয়ের গণঅভ্যুত্থানের পরও বিএনপির এরকম আচরণ দেখেছি। নব্বইয়ের গণঅভ্যুত্থানে ত্রিদলীয় জোটের রূপরেখা বিএনপি সরকারে এসে মানল না। এর ফলশ্রুতিতে সংসদীয় রাজনীতিতেই বিএনপি এবং বাংলাদেশের রাজনীতি বেশিদিন টেকেনি। বাংলাদেশে একটা ফ্যাসিবাদের দিকে গিয়েছে। ফলে বিএনপি ইতিহাস থেকে শিক্ষা নেবে নাকি ইতিহাসের পুনরাবৃত্তি করবে– এটা তো বিএনপিকেই সিদ্ধান্ত নিতে হবে।
অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতি শুরু হয়ে গেছে বলে অভিযোগ তোলেন। পাশাপাশি ইমাম ও পুরোহিতদের ভাতার দেওয়ার বিষয়টির সমালোচনা করে তিনি বলেন, কাঠামোগতভাবে মৌলিক পরিবর্তন আনেন। এসব লোভ দেখানো স্ট্যান্ডবাজি, এই তারেক রহমানের কেরামতি বন্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আগে চলত শেখ হাসিনার কেরামতি। এখন চলছে তারেক রহমানের কেরামতি। এসব বন্ধ করে বাংলাদেশে মৌলিক পরিবর্তন নিয়ে আসেন, তাহলে বাংলাদেশের মানুষ শান্তি পাবে। এ সময় তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের সুস্থতা কামনা করেন।
এনসিপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের সভাপতিত্বে এবং সদস্য সচিব সরদার আমিরুল ইসলাম সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ও জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন, জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক ফরহাদ সোহেল প্রমুখ।
রেডিওটুডে নিউজ/আনাম

