কুষ্টিয়ার কুমারখালীতে একটি ভোট কেন্দ্রের সামনে থেকে ১০টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ১টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সংলগ্ন নেপিয়ার ঘাস খেত থেকে এসব বস্তু উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বানিয়াকান্দি বাজার ঘেঁষে বানিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। বিদ্যালয়ের অদূরেই স্থানীয় মতিন মাস্টারের নেপিয়ার ঘাস খেত। সেখানে দুপুর ১২টার দিকে মো. ফরিদ খান নামে স্থানীয় এক রাজমিস্ত্রি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘাষ খেতে যান। এ সময় তিনি সেখানে মুখ বাঁধা অবস্থায় দুইটি ব্যাগ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা ছুটে আসেন। পরে ব্যাগ দুটি থেকে লাল টেপ দিয়ে পেঁচানো ১০টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়।
সরেজমিন গিয়ে দেখা যায়, বানিয়াকান্দি বাজার সড়কের ওপর কয়েকটি বালতিতে বোমা সদৃশ বস্তুগুলো রাখা হয়েছে। সেখানে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনাবাহিনীর অর্ধশতাধিক সদস্য কাজ করছেন। আশপাশে ভিড় করেছেন উৎসুক জনতা। এ সময় রাজমিস্ত্রি ফরিদ খান বলেন, ঘাসের ভেতরে প্রসাব করতে গিয়ে তিনি মুখ বাঁধা একটি ব্যাগ দেখে ভয় পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে কয়েকজন এসে আরো একটি ব্যাগ দেখে বিষয়টি প্রশাসনকে জানান।
স্থানীয় বাসিন্দা ও জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী কে এম আর শাহিন বলেন, ভোটে আতঙ্ক সৃষ্টির জন্য দুর্বৃত্তরা এমন অপকর্ম করেছে। এ ঘটনায় ভোটকেন্দ্রের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদারের দাবি জানান তিনি।
কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেয়ে বোমা সদৃশ বস্তুগুলো পরীক্ষা - নিরিক্ষার জন্য থানায় আনা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
রেডিওটুডে নিউজ/আনাম

