ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের সর্বশেষ দফার হামলায় হাইপারসনিকের পাশাপাশি আরও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ৩৪তম দফায় চালানো এ আক্রমণে তেহরানের লক্ষ্যবস্তু ছিল ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর বিবৃতির বরাতে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, আইআরজিসি মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ৩৪তম দফার হামলা চালিয়েছে। এতে তিন ধরনের ক্ষেপণাস্ত্রের পাশাপাশি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা শব্দের গতির চেয়ে পাঁচ গুণ বেশি গতিতে ছুটতে সক্ষম।
এই হামলায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির কাছে অবস্থিত আল-ধাফরা বিমান ঘাঁটি এবং বাহরাইনের জুফায়ার বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনাদের লক্ষ্যবস্তু করা হয়। একই সঙ্গে ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটি এবং হাইফার বেসামরিক বিমানবন্দরেও হামলার লক্ষ্য স্থির করা হয়।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র তেল আবিবের পূর্বাঞ্চলে অবস্থিত ইসরায়েলের গোপন ক্ষেপণাস্ত্র লঞ্চারেও আঘাত হেনেছে।
সূত্র: আল–জাজিরা
রেডিওটুডে নিউজ/আনাম

