মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে তা বিশ্বব্যাপী তেলবাজারের জন্য গুরুতর পরিণতি ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন সৌদি আরামকোর প্রধান নির্বাহী কর্মকর্তা আমিন এইচ নাসের।
তিনি বলেন, এই অঞ্চলে অস্থিরতা যত দীর্ঘ সময় ধরে চলবে, ততই তা বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং তেলের দামের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।
প্রতিবেদন অনুযায়ী, ২৫ ফেব্রুয়ারি থেকে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে উত্তেজনা অব্যাহত রয়েছে। চলমান সংঘাতে বহু মানুষ নিহত হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
খবরে আরও বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন হামলায় নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে, যদিও এ বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
এদিকে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে যে, আল-খারজ গভর্নরেটের পূর্ব দিকে একটি ড্রোন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ধ্বংস করা হয়েছে।
সৌদি সিভিল ডিফেন্স আরও জানিয়েছে, আল-জুলফি গভর্নরেটে একটি ড্রোন আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে, যার ফলে কিছু সম্পদের ক্ষতি হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

