পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বলেছেন, ‘যারা আজ মুখে ইনসাফ ও ন্যায়ের রাজনীতির কথা বলেন, প্রকৃতপক্ষে তারা কখনো ইনসাফ ও ন্যায়ের রাজনীতি করেননি। তারা দেশের মানুষকে জিম্মি করে রাজনীতি করেছেন এবং এখনো গুপ্ত রাজনীতি করে যাচ্ছেন।’ তিনি আরও বলেন, ‘ইনসাফের রাজনীতি সবসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে হয়েছে। ন্যায়ের রাজনীতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত হয়েছে। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই।’
আজ মঙ্গলবার লক্ষ্মীপুর টাউন হলে পৌর বিএনপির আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে দেশকে স্বনির্ভর বাংলাদেশের পথে এগিয়ে নিয়েছিলেন। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং উন্নয়নের ধারাকে শক্তিশালী করেছিলেন। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে উৎপাদন ও উন্নয়নের রাজনীতি এগিয়ে নেওয়া হবে এবং নতুন করে বাংলাদেশকে গড়ে তোলা হবে। এ জন্য যুবসমাজের সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন।
পানিসম্পদমন্ত্রী বলেন, ‘পবিত্র রমজানের শেষ পর্যায়ে এসে আমরা ধৈর্যের শিক্ষা পেয়েছি। গত ১৭ বছর আমরা ধৈর্য ধরে অপেক্ষা করেছি। এ সময় অনেক নেতাকর্মী অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছেন, কেউ গুম ও খুনের শিকার হয়েছেন এবং জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন। তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।’
তিনি বলেন, ‘তারেক রহমান দেশের দায়িত্ব নিয়েছেন। এটি রাষ্ট্রের দায়িত্ব। আমরা ক্ষমতায় এসেছি এ কথা বলার সুযোগ নেই। জনগণের পাশে থাকা এবং তাদের সেবা করাই আমাদের প্রধান লক্ষ্য। তার নেতৃত্বে আমরা সারাদেশে জনগণের পাশে দাঁড়ানোর জন্য কাজ করছি।’
লক্ষ্মীপুর পৌর যুবদলের সভাপতি ফয়েজ আহাম্মেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রশিদুল হাসান লিংকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু ও যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান। এছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
রেডিওটুডে নিউজ/আনাম

