রিয়াদ বিমানবন্দরে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: ট্রাম্পসৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলায় অন্তত ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হয়েছেন। এ ঘটনায় নিন্দা জানিয়ে হামলাটিকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প বলেন, সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ‘কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’। একই সঙ্গে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের চলমান সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র অংশ নেবে কি না, তা বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১০ অক্টোবর) গভীর রাতে বিমানবন্দরে প্রাণঘাতী হামলার পর সাংবাদিকেরা ট্রাম্পের কাছে জানতে চান, হুতিদের বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্র যোগ দেবে কি না। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র এ অভিযানে অংশ নিতে পারে এবং বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
ট্রাম্প আরও জানান, সাম্প্রতিক হামলার খবর যুক্তরাষ্ট্রের কাছে নতুন। পরিস্থিতি পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র দ্রুত পদক্ষেপ নিতে অভ্যস্ত।
সৌদি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, হামলায় নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক ও দুজন বাংলাদেশি রয়েছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক নিহত হয়েছেন।
এর আগে সৌদি আরবের আরও দুটি বিমানবন্দরে হামলার ঘটনায়ও অসন্তোষ প্রকাশ করেছিলেন ট্রাম্প। ওই সময় তিনি বলেছিলেন, এ ধরনের হামলা গ্রহণযোগ্য নয় এবং এতে তিনি সন্তুষ্ট নন।
সর্বশেষ হামলার পর হুতি গোষ্ঠীর বিরুদ্ধে সৌদি জোটের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে ওয়াশিংটনের চূড়ান্ত সিদ্ধান্তের কথা এখনো জানানো হয়নি।
রেডিওটুডে নিউজ/আনাম

